লেখক: মুশফিকুল ফজল আনসারী
বাংলাদেশি কূটনীতিক, বিশ্লেষক ও ওয়াশিংটনভিত্তিক সাবেক সাংবাদিক
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে, তাদের কাছে শেখ হাসিনার ভারতে অবস্থান কেবল রাজনৈতিক আশ্রয়ের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে গভীর বেদনা, ক্ষোভ ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা। কেউ এখনো আহত স্বজনের সেবা-শুশ্রূষা করছেন, কেউ আবার প্রিয়জনকে হারিয়ে নিদারুণ শোকের ভার বয়ে বেড়াচ্ছেন। অনেক বাবা-মায়ের ঘর আজ সন্তানহীন। অথচ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন, দেশের রাজনীতি নিয়ে কথা বলছেন এবং রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—গণতন্ত্র প্রতিষ্ঠার মূল্য যাদের জীবন ও স্বজন হারানোর মধ্য দিয়ে দিতে হয়েছে, তাদের কেন সেই ব্যক্তির রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি মেনে নিতে হবে, যাকে তারা নিজেদের দুর্ভোগের জন্য দায়ী মনে করেন?
২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান চলাকালে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। প্রতিবেদনে তৎকালীন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সহিংসতাপ্রবণ কিছু গোষ্ঠীর পরিকল্পিত দমন-পীড়নের চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় পর্যায়ে সহিংসতার নীতি অনুসরণের অভিযোগ রয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের সম্ভাব্য দায় নির্ধারণে আরও তদন্তের দাবি রাখে। এগুলো ছিল আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধানের ভিত্তিতে উঠে আসা তথ্য ও পর্যবেক্ষণ; কোনো ফৌজদারি আদালতের রায় নয়।
পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারিক প্রক্রিয়ায় ব্যক্তিবিশেষের দায় নির্ধারণ করা হয়। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতায় উসকানি ও সহযোগিতা এবং তাদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে দায়ী করা হয়। একই সঙ্গে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়বদ্ধতার নীতি বা সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি অনুসারেও তাঁর দায় নির্ধারণ করা হয়। অনুপস্থিতিতে বিচার শেষে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনা এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তবে তাঁর এই অস্বীকৃতি কোনোভাবেই ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকারকে খর্ব করে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে তাঁর প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনে বিপর্যস্ত রাজনৈতিক সংস্কৃতিকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু বিদেশে অবস্থানরত শেখ হাসিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এ ধরনের প্রচারণা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে। বিশেষ করে যেসব পরিবার এখনো তাদের স্বজন হত্যার বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছে, তাদের কাছে বিষয়টি আরও বেশি উদ্বেগের।
নির্বাচিত সরকার এবং গণতান্ত্রিক উত্তরণে অঙ্গীকারবদ্ধ সব রাজনৈতিক সংগঠনের দায়িত্ব হলো এই প্রক্রিয়াকে সুরক্ষা দেওয়া। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার জবাব দিতে হবে তথ্য-প্রমাণের ভিত্তিতে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে। একই সঙ্গে রাষ্ট্রীয় নীতিনির্ধারণের প্রতিটি পর্যায়ে ভুক্তভোগীদের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবে শেখ হাসিনা যত দিন ভারতে অবস্থান করবেন, তত দিন বাংলাদেশের পক্ষে এসব উদ্বেগের পূর্ণাঙ্গ সমাধান করা কঠিন।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি ক্রিস্টিন ফেয়ার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা ভারতের জন্য উপযোগী ছিলেন এবং নয়াদিল্লি তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি এক জিনিস, আর ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তাঁকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।
২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, নয়াদিল্লিতে একটি জনসভায় বক্তব্য দিয়ে শেখ হাসিনা আসন্ন নির্বাচন বানচাল করতে সহিংসতায় উসকানি দিচ্ছেন। ক্রিস্টিন ফেয়ার প্রশ্ন তুলেছেন, অতীতে দালাই লামা ও অং সান সু চির মতো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সংযত থাকতে প্রভাবিত করতে সক্ষম হলেও নয়াদিল্লি কেন শেখ হাসিনার ক্ষেত্রে তেমন কোনো পদক্ষেপ নিতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে? তাঁর মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এই ভিন্ন অবস্থানের ব্যাখ্যা হতে পারে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে—নিজস্ব রাজনৈতিক হিসাব-নিকাশের সঙ্গে প্রতিবেশী বাংলাদেশের স্বার্থের সংঘাত হলে নয়াদিল্লি বাংলাদেশের উদ্বেগকে কতটা গুরুত্ব দেয়?
নয়াদিল্লির অবস্থানের পেছনে যে রাজনৈতিক বিবেচনাই কাজ করুক না কেন, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ অবশ্যই আইনি ভিত্তিতে বিবেচনা করতে হবে। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা পূর্ববর্তী রাষ্ট্রীয় পদমর্যাদা তাঁকে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণের দায় থেকে অব্যাহতি দেয় না। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতা থেকে হত্যা, হত্যাকাণ্ডে উসকানি এবং এ-সংক্রান্ত বেশ কয়েকটি অপরাধকে স্পষ্টভাবে বাদ দেওয়া হয়েছে। অবশ্য প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্যান্য আইনি কারণ ও সুরক্ষাব্যবস্থার বিষয়গুলোও প্রযোজ্য থাকবে।
বাংলাদেশ সরকারের উচিত ভারতের সঙ্গে ধারাবাহিক ও কার্যকর কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া। এসব আলোচনায় স্পষ্ট করে দিতে হবে, ঢাকা সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে নয়াদিল্লির কাছ থেকে আন্তরিক ও দায়িত্বশীল পদক্ষেপ প্রত্যাশা করে। একই সঙ্গে বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিপন্ন করা কিংবা দেশের অভ্যন্তরে সহিংসতায় উসকানি দেওয়ার কাজে যেন ভারতীয় ভূখণ্ড ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানাতে হবে। এ ধরনের প্রতিটি সুনির্দিষ্ট ঘটনার তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের অধিকার এবং সহিংসতায় উসকানির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বজায় রাখতে হবে।
ভারত যদি সত্যিই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায়, তাহলে দেশটিকে বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং এ দেশের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা ও আত্মত্যাগের বাস্তবতা উপলব্ধি করতে হবে। সাবেক একজন স্বৈরশাসককে জবাবদিহির আওতার বাইরে রাখার চেষ্টা দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বাড়াবে। শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশের মাটিতে ফিরতে হবে, তাঁর সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জবাব দিতে হবে এবং আইনানুগ পরবর্তী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তাঁর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করতে হবে—যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশায় বাংলাদেশ আজ এগিয়ে যেতে চাইছে।
আল-জাজিরা থেকে অনূদিত
